খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন আসেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।
আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায়।
বিএনপির আন্দোলনের সমালোচনায় তিনি বলেন, বিএনপি যদি আইন ভঙ্গ করে রাজপথ অবরোধ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।
আইনমন্ত্রী আনিসুল হক সকালে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছান। পরে তিনি সড়কপথে তার নির্বাচনি এলাকা কসবা উপজেলায় যান। আনিসুল হক বিকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।





