নাইজেরিয়ায় সহিংসতায় ১৮ জনের প্রানহানি
নাইজেরিয়ার বেনুই রাজ্যে যাযাবর রাখাল ও কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
এ বিষয়ে ওই রাজ্য গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, উকুম জেলার জবাজি গ্রামে পশু পালনকারী ও চাষিদের ওপর হামলা চালালে বুধবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ হামলায় ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন পুলিশ সদস্য ও ১৬ জন ওই গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, হামলাস্থলে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করে সতর্কাবস্থায় রাখা হয়েছে। তারা হামলা বন্ধে সহায়তা না করলে হতাহতের সংখ্যা আর বাড়ত।
আফ্রিকার জনবহুল এ দেশের মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে জমি, গোচারণ ও পানির অধিকার প্রশ্নে রাখাল ও স্থানীয় চাষিদের মধ্যে বিরোধ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।





