“নতুন কারিকুলাম নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা”
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন কারিকুলাম নিয়ে আন্দোলনকারীরা যে দাবিগুলো করছেন সেগুলো একবারেই যৌক্তিক নয়। সংস্কারের নামে তাদের মূল উদ্দেশ্য হলো কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, যারা নতুন কারিকুলাম নিয়ে আন্দোলন করছেন তাদের অধিকাংশ কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট-গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করেন। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত।
দীপু মনি বলেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম কিন্তু রূপান্তর। আমরা একটি মুখস্ত বিদ্যার জগৎ পার হয়ে এসেছি। এখনকার শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়।
তিনি বলেন, আমরা ২০৪১ সালে নতুন এক উন্নত জীবনের স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে নতুন মুখস্থ নির্ভর নয় আমাদের জেনে বুঝে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে।
আরও পড়ুনঃ “বিএনপির লক্ষ্য গণতন্ত্র নয়, চোরাগোপ্তা হামলা করে শেখ হাসিনার পতন”





