দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
দেশের শাসনতন্ত্র মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই করছে সরকার। সেলক্ষ্যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহস্থ আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আসন্ন ব্রিকস সন্মেলন প্রসঙ্গে বলেন, আয়োজকরা দাওয়াত দিয়েছেন। প্রধানমন্ত্রী সেখানে যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ আছে বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে ড. এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনের আগে মনে হয় না তড়িগড়ি করে কোনো দেশের সাথেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। আর এতে দেশের উপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ সম্পর্ক মজবুত করতে সঙ্গীর কাছে এই ৫টি মিথ্যা বলুন





