দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই এবং দেশের মানুষ কষ্টেও নেই। বিশ্বব্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশ মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে।
আজ বুধবার দুপুরে ঢাকার আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে দেয়া খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন।
তিনি বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএসের খাদ্যবান্ধব কর্মসূচী চালু থাকে না। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এ সময়ে এটি চালু রেখেছে।
চাল-আটা কিনতে আসা ভোক্তারা খাদ্যমন্ত্রীকে ওএমএসে বিক্রি হওয়া চাল-আটার পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। একই সঙ্গে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন তারা।
আরও পড়ুনঃ রমজান মাসে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর





