“দেশে উন্নয়ন বাজেটের ৩৫ শতাংশ এসেছে বৈদেশিক সাহায্য থেকে”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজ পর্যন্ত আমাদের উন্নয়ন বাজেটের ৩৫ শতাংশ এসেছে বৈদেশিক সাহায্য থেকে।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘সংবাদপত্রে শেখ হাসিনার বক্তৃতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
সিপিডির প্রতিবেদন সম্পর্কে এ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সিপিডির প্রতিবেদন আমি পড়েছি। বিভিন্ন বড় গ্রুপ যে ঋণ নিয়েছে, সেগুলো সন্নিবেশ করে তারা বলতে চেষ্টা করেছে এসব অর্থ লোপাট হয়েছে। এখানে কিছু ব্যাড লোন আছে, আর কিছু অনিয়ম হয়নি সেটাও সঠিক না–কিছুটা অনিয়ম হয়েছে। কিন্তু সব একত্র করে নির্বাচনের আগমুহূর্তে সংবাদ সম্মেলন করা হয়েছে।
‘সিপিডি যেগুলো বলেছে, সেগুলো সবাই জানে, এ নিয়ে পত্র-পত্রিকায় বহু খবর প্রকাশিত হয়েছে। এখানে গবেষণার কিছু নেই। সেই প্রতিবেদনগুলো একত্র করে নির্বাচনের আগে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদনেও অনেক ভুল আছে। যেমন, তারা বলেছেন যে আমাদের উন্নয়ন বাজেটের ৭৫ শতাংশ আসে বৈদেশিক সাহায্য থেকে। এটা পুরোপুরি ভুল ও বোগাস,’ যোগ করেন মন্ত্রী।
সিপিডির প্রতিবেদন ভুলেভরা উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আজ পর্যন্ত আমাদের উন্নয়ন বাজেটের ৩৫ শতাংশ এসেছে বৈদেশিক সাহায্য থেকে। একটা গবেষণালব্ধ প্রতিবেদনে এমন ভুল কীভাবে থাকে? তাহলে এ প্রতিবেদনে আরও ভুল আছে। নির্বাচনের আগমুহূর্তে এটি প্রকাশ করার উদ্দেশ্য মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে নিবদ্ধ করা? আমরা সেই প্রশ্নও রেখেছি।’
‘দেশের উন্নয়নের স্বার্থে ও সরকারের ভুল ধরিয়ে দেয়ার জন্য সিপিডির মতো প্রতিষ্ঠান অবশ্যই দরকার আছে। গবেষণারও দরকার আছে। কিন্তু যখন গবেষণায় এত বড় ভুল থাকে–এটা কোনো ছোট ভুল না–অসত্য থাকে, তাহলে তো সেই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তৈরি হয়। যারা প্রতিবেদন প্রকাশ করেন তাদের নিয়েও প্রশ্ন ওঠে।’
আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”





