দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি প্রবাসীদের অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৈধ উপায়ে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও আইন মাফিক কাজের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য সৌদি প্রবাসী বাংলাদেশিদেরকে অভিনন্দন জানিয়েছেন।
সৌদি আরবে পবিত্র হজ পালন ও মহানবী (সা:) এর রওজা শরীফ জিয়ারত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মদিনার স্থানীয় একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এই অভিনন্দন ও নির্দেশনা দেন। আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
আওয়ামী যুবলীগ মদিনা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও প্রবাসী বাংলাদেশিরা সভায় যোগ দেন।
সভায় ড. হাছান মাহমুদ তাঁর দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা ও বিদেশে থাকাকালে দেশের জন্য মনের আকুতি তুলে ধরে বর্তমান প্রবাসীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি আছেন। বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এর থেকে কম। ত্রিশ লাখ প্রবাসী বৈধপথে রেমিটেন্স পাঠালে দেশের জন্য তা বড় অবদান। এই বিষয়ে যতœবান হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, একজন প্রবাসী যত সহজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারেন, দেশের জেলা আওয়ামী লীগের নেতার পক্ষেও তা সম্ভব হয় না।
প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করেছেন, যার সুবিধা ৫৫ বছর বয়সের মানুষও নিতে পারেন। প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং সুবিধা রয়েছে, যেখানে সহজে ডলার একাউন্টও খোলা যায়।
প্রবাসে শুধু অন্যের প্রতিষ্ঠানে কাজ না করে ব্যবসায়ের মালিকানা অর্জনে উৎসাহ দেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, প্রত্যেক প্রবাসীই বিদেশে তার দেশের প্রতিনিধি। সে যদি অপরাধ করে তবে তার দেশের বদনাম হয়। সে কারণে বসবাসরত দেশের আইন-কানুন মেনে চলা উচিত।
আরও পড়ুনঃ চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার





