“দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে”
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দুর্যোগকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে স্ব স্ব জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে। ঝড়ের কবলে পড়তে পারে এমন জেলাগুলোর স্ব স্ব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে যেভাবে ব্যবহার করা যায়, তা করবে। সেক্ষেত্রে সেসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
রোববার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন’ বিষয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে ঘূর্ণিঝড়ের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
এদিকে, পৃথক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনায় নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।





