দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করেছে সরকার: আইনমন্ত্রী
দুর্নীতি প্রতিরোধে গত দেড় দশকে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারসহ অনেক কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বুধবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ে ওআইসির প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিনে এক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব জানান।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন ব্যুরোকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২০০৪ সালে দুর্নীতি দমন আইন প্রণীত হয়। তবে এর বাস্তবায়নে সরকারকে অনেক প্রাতিষ্ঠানিক সংস্কার ও নতুন আইন প্রণয়ন করতে হয়েছে। যার মধ্যে রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স আইন, সাক্ষ্য আইনের সংস্কার। এছাড়াও দুর্নীতির বহুমাত্রিকতা থাকায় তা প্রতিরোধে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের সক্ষমতা অনুযায়ী আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে দুদকের পক্ষে দুর্নীতি প্রতিরোধে আইনি পদক্ষেপ নেওয়া দ্রুত ও সহজ হবে।
মন্ত্রী বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হওয়ায় পাচার করা অর্থ পুনরুদ্ধারে আঞ্চলিক ও আন্তজার্তিক সহযোগিতার বিকল্প নেই। পাচার করা অর্থ উদ্ধারে বাংলাদেশের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ একজন প্রাক্তন সরকার প্রধানের সন্তানের পাচার করা অর্থ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।





