দুর্গাপূজায় শক্ত নিরাপত্তা: র্যাবের বিশেষ পদক্ষেপ!
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনের পর র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান সাংবাদিকদের জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, পূজামণ্ডপে টহল দল মোতায়েন রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও সাইবার টিম অনলাইনে নজরদারি করছে, যাতে গুজব ছড়িয়ে উৎসবের পরিবেশ নষ্ট না হয়।
ডিজি আশা প্রকাশ করেন, এবারের পূজা সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা দেবে। তিনি জানান, কোনো তথ্য পাওয়া গেলে যাচাই করা হবে—মিথ্যা হলে গুজবকারীদের বিরুদ্ধে, সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পূজার প্রথম দিনে কিছু ঘটনা ঘটলেও দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পূজা আয়োজকদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, দিন-রাত ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখতে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছরের মতো এবারও দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
র্যাব সদর দফতর জানায়, দুর্গাপূজা উপলক্ষে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে গোয়েন্দা নজরদারি ও টহল শক্তিশালী করা হয়েছে, যা ৩ অক্টোবর পর্যন্ত চলবে। র্যাব ডগ স্কোয়াড পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে।





