দামেস্কে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ১৫
ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
শনিবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্রটি দামেস্কের একটি ভবনে আঘাত হানে।
এ বিষয়ে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, ইসরাইলি ক্ষেপণাস্ত্রটি দামেস্কের ইরানিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের পাশের একটি ভবনে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল তার প্রতিবেশী দেশটিতে শতাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী, ইরানি বাহিনী এবং সিরিয়া সরকারের মিত্র লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহর অবস্থান। খুব কম সময়ই ইসরাইল দামেস্কের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।





