দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত ১৫১
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত অন্তত ১৫১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।
গতকাল শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে।
হ্যালোইন উৎসব উদযাপনকারীদের কাছে রাজধানী সিউলের ইথেওন এলাকা খুবই আকর্ষণীয় জায়গা। শনিবার রাতে ওই এলাকায় লাখের বেশি মানুষ সমবেত হয়েছিলেন। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। মৃত আত্মাদের স্মরণে প্রতিবছর অক্টোবরের শেষে হ্যালোইন উৎসব হয়।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গভীরভাবে দুঃখপ্রকাশ করেছেন। তিনি ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিশেষ করে টিনএজার এবং যারা ২০ বছরের নিচের বয়সী তাদের জন্য গভীর দুঃখপ্রকাশ করেছেন। তারা যেন দ্রুত সুস্থ হয় সেই কামনাও করেন তিনি।
এ বিষয়ে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এক বিবৃতিতে আরও বলেছেন, এটি সত্যিই দুঃখজনক। গতরাতে সিউলের কেন্দ্রস্থলে একটি ট্র্যাজেডি এবং বিপর্যয় ঘটে যা হওয়া উচিত ছিল না।
ইয়ংসান ফায়ার স্টেশনের প্রধান চোই সুং-বিওম বলেছেন, ১৯ জন বিদেশিসহ ১৫১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তিনি ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে বলেন, ৮২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর।
আরও পড়ুনঃ মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ





