তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তাঁর নিজের, প্রয়োজনে সহায়তার আশ্বাস সরকারের
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সেটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে, দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ভ্রমণ অনুমতি সংক্রান্ত কোনো সহায়তার প্রয়োজন হলে তা প্রদানে প্রস্তুত রয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।
তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য সরকার কোনো উদ্যোগ নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানের নিজের। তিনি এ দেশের নাগরিক, যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তবে, তাঁর ভ্রমণ নথিতে কোনো সমস্যা থাকলে আমরা তা সমাধানে সহায়তা করব। কিন্তু ফেরার সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।”
সরকার কি তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নেবে? এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “এটি আমাদের করার দরকার নেই। এর অর্থ হবে আমরা তাঁকে কখন ফিরতে হবে তা বলে দেব। তিনি যখন ফিরতে চাইবেন, আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব।”
লন্ডনের বাংলাদেশ মিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “আমার জানা নেই তিনি আবেদন করেছেন কিনা। যদি আবেদন করে থাকেন, তা আমার অগোচরে রয়েছে। তবে, তিনি দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথির বিষয়ে আমরা প্রয়োজনীয় সহায়তা দেব।”
এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও পর্যবেক্ষণসহ এই রায় দেওয়া হয়েছে।





