ঠুঁটো জগন্নাথ মার্কা নির্বাচন কমিশন আমরা চাই না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া কেউ আর বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি। ‘ঠুঁটো জগন্নাথ’ মার্কা নির্বাচন কমিশন আমরা চাই না।
আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বকে আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল, আরও আলোকিত করার জন্য লড়ে যাচ্ছেন। শেখ হাসিনা আমাদের ডায়নামিক লিডার। ইনশাল্লাহ নির্বাচনে জয় আমাদের হবে। অসত্যের কাছে আমরা মাথা নতো করবো না।
ওবায়দুল কাদের বলেন, এ আগুন সন্ত্রাস জ্বালাও-পোড়াও বারে বারে আমরা দেখেছি। এসব ষড়যন্ত্র, সন্ত্রাস মোকাবিলা করেই আমাদের লাল-সবুজের পতাকা হাতে হৃদয়ের বন্ধরে পৌঁছাবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর এক গবেষণার উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আইআরআই তাদের গবেষণা রিপোর্টে বলেছে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। আমরা ভয় পাবো কাকে। আমাদের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা ভয় পাবো কাকে? ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।
আওয়ামী লীগের এই নেতা বলেন, কঙ্গোর মতো দেশও ডেমোক্রেটিক কনফারেন্সে দাওয়াত পায়। অথচ আমরা পাই না।
আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা জানলেন প্রধানমন্ত্রী





