টিসিবির জন্য এক কোটি ৬০ লাখ লিটার ভোজ্যতেল কিনছে সরকার
সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশীয় দুই প্রতিষ্ঠান থেকে ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল (ভোজ্যতেল) কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই তেল কিনতে খরচ হবে ২৭৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা।
আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে এই সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
এ বিষয়ে সাঈদ মাহবুব খান জানান, সভায় ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৭২ টাকা ৯৫ পয়সা। এর আগে লিটারপ্রতি তেলের ক্রয়মূল্য ছিল ১৭৭ টাকা।
এছাড়া সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৮৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ইউএন ট্রেডিং ঢাকা’র কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৭২ টাকা ৮০ পয়সা। আগে এর ক্রয়মূল্য ছিল ১৭৮ টাকা ৪৫ পয়সা বলে জানিয়েছেন এই অতিরিক্ত সচিব।
আরও পড়ুনঃ “যারা ভাষাকে বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে”





