জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় ৮টা ৩৫ মিনিটে জোহানেসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্কস টাও এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান। এসময় গার্ড অব অনারেও সম্মান জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। জোহানেসবার্গ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছোটবোন শেখ রেহানাও রয়েছেন।
এরআগে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে (ইকে ৫৮৩) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হন।
দক্ষিণ আফ্রিকা প্রধান উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর গ্রুপ ব্রিকসের এই শীর্ষ সম্মেলনটির আয়োজন করছে।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
কোভিড-১৯ মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর আয়োজিত এটি প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে।
আরও পড়ুনঃ ভুল করেও এই ফলের বীজ খাবেন না





