“জনগণ যাদের ভোট দেবে তারাই দেশ পরিচালনা করবে”
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় এসে দেশ পরিচালনা করবে। আমাদের ভোট না দিলে আমরা সালাম দিয়ে চলে যাব। জনগণ চাইলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের ভোট কামনা করছি।
রোববার বিকেলে নলতা এএমআর কলেজ মাঠে গণতন্ত্রের বিজয় দিবস ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা শেখ হাসিনার মতো একজন সরকারপ্রধান পেয়েছি। যার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার কৃষি ও জনবান্ধব উন্নয়নের সরকার। শেখ হাসিনার আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
ভোজ্য তেল আমদানি নিয়ে মন্ত্রী বলেন, ভোজ্য তেলের চাহিদার শতকরা ৯০ ভাগ বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়। এ অবস্থায় দেশে ৫০ ভাগ তেল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমাতে তিন বছর মেয়াদি রোডম্যাপ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। সরিষা চাষে বিপ্লব ঘটতে যাচ্ছে এবং আগামী তিন বছরের মধ্যেই আমরা বছরে ভোজ্য তেল আমদানিতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারব।
আরও পড়ুনঃ “ভারতীয় সাংবাদিকদের সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে”





