জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে আমরা মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামো পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সেজন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা। এ পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, এটা খুবই দুঃখজনক। রোগীদের জন্য সহজ ও নির্বিচারে সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের পেশাগত আচরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সংস্কার আগে নিজের ভেতর থেকে শুরু করতে হবে, তারপরই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব হবে। না হলে শুধু রাজা বদল হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না। আগের মতোই সব থেকে গেলে বা নিজেদের আন্তরিকতা ও একাগ্রতা না থাকলে হাজার বার সরকার পরিবর্তন করেও লাভ হবে না। আমাদের যেখানে চিকিৎসক নেই, সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেব। তবে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেটা পালন করুন। যেখানে যেতে বলি, যেতে হবে। প্রয়োজনে বেতন বেশি দেবো। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে। যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
চক্ষু চিকিৎসকদের প্রশংসা করে নূরজাহান বেগম বলেন, জুলাইয়ে আহত চক্ষু রোগীদের দেখতে বিভিন্ন দেশের চিকিৎসক এসেছেন। তারা আমাদের চিকিৎসকদের চিকিৎসাকে পারফেক্ট বলেছেন। আমি গর্ববোধ করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করেছি।





