গুগল পে এক মাসের মধ্যে বাংলাদেশে চালু হচ্ছে : আসিফ মাহমুদ
বাংলাদেশে আগামী এক মাসের মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
আসিফ মাহমুদ জানান, গুগল পে চালুর ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, “এই সেবা বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের আলাদাভাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজন অনেকাংশে কমে যাবে।”
তিনি আরও জানান, গুগল পে’র মাধ্যমে কেনাকাটা, বিল পরিশোধ, এবং অনলাইন লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে। এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং সহজ ইন্টারফেস নিয়ে আসবে, যা তরুণ প্রজন্ম ও ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে উপকারী হবে।





