“গণহত্যাকারীদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সঠিক সিদ্ধান্ত”
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলেছে, প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের গণহত্যাকারীদের বিচার করার অন্তর্বর্তী সরকারের নেয়া সিদ্ধান্ত ‘সঠিক’।
আজ রোববার বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে, বিলম্বে হলেও গতরাতে (শনিবার) অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচারকার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী, ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি।
‘তবে আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবে বলে আমরা আশা করি।’
ফ্যাসিবাদী সরকার ও তাদের দোসরদের বিচারের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিগত সময়গুলোতে সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গত ১০ ফেব্রুয়ারি তার (প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস) হাতে দেওয়া পত্রে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার’ দাবি জানিয়েছিলাম। ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা ‘পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার’ দাবি জানিয়েছি।





