“খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত পরিবর্তন হবে না”
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তার মানে তিনি বিদেশি যেতে পারবেন না। বিদেশ থেকে ডাক্তার এনে তাকে চিকিৎসার করার অনুমতিও আমরা দিয়েছিলাম। ডাক্তার তাকে চিকিৎসা করেছেন তাকে সুস্থও করেছেন।
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে এই চিঠিতেও তারা আগের মতোই স্থায়ী মুক্তি চাচ্ছেন। আমি বুঝলাম না স্থায়ী মুক্তি মানে কী? এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি চাচ্ছেন। আমরা কাছে আজকে আমার সচিব সাহেব ফাইলটা দিয়েছেন। ওনারা (খালেদার পরিবার) কী আবেদন করেছেন, সেটা দেখে ভালো করে বিবেচনা করে আমি অতিসত্ত্বর নিষ্পত্তি করবো। আগামীকাল (মঙ্গলবার) নাগাদ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, ফাইলটা আজকেই পেয়েছি। আমাকে বিবেচনা করতে হবে, পড়তে হবে, আমাকে দেখতে হবে।
মন্ত্রী বলেন, একটা জিনিস আমি বুঝতে পারছি না। আমি বহুবার আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, যে শর্তে তাকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর বাইরে আইনিভাবে আমাদের কিছু করার নেই। কিন্তু এরপরও প্রত্যেকবার দেখছি, প্রথম যেভাবে চিঠি দেওয়া হয়েছিল সেই আকারেই তারা আবেদন করছেন।
সরকার প্রধান চাইলে খালেদা জিয়া বিদেশে যেতে পারবে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ৪০১ ধারায় সরকার প্রধান মানে প্রধানমন্ত্রী। প্রথমবার তিনি যখন নিষ্পত্তি করে দিয়েছেন, এখন সেটি পরিবর্তন করার আইনি বিধান নেই। এটির পুনঃনিষ্পত্তি করার কোন অবকাশ নেই। আইনের বাইরে গিয়ে তিনি (প্রধানমন্ত্রী) মানবিকতা দেখাতে পারবেন না। প্রধানমন্ত্রী মানবিকতা প্রথমবারই দেখিয়েছেন। এই যে বার বার রিনিউ হচ্ছে, সেটাও মানবিক কারণ থেকেই হচ্ছে।
তিনি আরও বলেন, মেয়াদ বাড়ানোর আইনি সুযোগ আছে। অন্য কিছু করার আইনি সুযোগ নেই।
আরও পড়ুনঃ “বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিন্নমত থাকতেই পারে”





