কুমিল্লায় বাসে অটোরিকশার ধাক্কা লেগে নিহত ৪
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৪ জন নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতদের মধ্যে অটোরিকশা চালক হাবিবুর রহমান (২৭), সে দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে। মহিলা যাত্রী, চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) ও তার মেয়ে মুনতাহা (৩)। অপর নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের তিনজনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিক্সাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়, পরে পেছন থেকে অপর একটি পিকআপ অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।





