কিভাবে বানাবেন চিংড়ি কমলার পোলাও
কমলা দিয়ে শুধু জ্যাম বা জেলীই নয় বানানো যায় আরও অনেক কিছুই। তেমনই একটি পদ চিংড়ি কমলার পোলাও।
উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, চিংড়ি আধা কেজি, কমলার টুকরা দেড় কাপ, কমলার রস ১ কাপ, কমলার খোসারকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, গরম মসলা কয়েকটি, নারকেলের দুধ আধা কাপ, লবণ স্বাদমতো, পানি ৩ কাপ।
প্রণালি: তেলে গরম মসলা ভেজে নিন। আদা ও রসুনবাটা দিয়ে দিন। মসলা কষানো হলে চাল ও লবণ দিয়ে কয়েক মিনিট নাড়ুন। ৩ কাপ পানি দিন। মাঝারি আঁচে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে কমলার রস, নারকেলের দুধ, কমলার খোসারকুচি ছড়িয়ে দিন। আবার ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিন। পানি শুকিয়ে এলে লবণ দিয়ে দিন। ভেজে রাখা চিংড়ি ও কমলার টুকরা দিয়ে পোলাও হালকাভাবে নেড়ে নিন। কয়েক মিনিট ঢাকনা দিয়ে কম আঁচে চুলা বন্ধ করে দিন।





