কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ; নিহত ৩
কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উখিয়া কুতুপালং মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৫) ও শাহিনা বেগম (৩৮)।
আজ রোববার বেলা ১১টার দিকে কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, ‘উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে বিবাদমান এক পক্ষ বিরোধীয় জমিতে পাকা দেয়াল নির্মাণ শুরু করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ ধারালো দাসহ লাঠিসোটা ও দেশীয় তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।’
তিনি বলেন, ‘সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।’





