এ পর্যন্ত বন্যায় ২৩ জনের মৃত্যু
দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন। বন্যায় প্রায় ৫৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এ তথ্য জানান।
ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি।
৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৫০টি।
এখন পর্যন্ত বন্যায় মোট ২৩ জন মারা গেছে জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে কুমিল্লায় ৬ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।
মৌলভীবাজারে দুজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন সচিব।
কামরুল হাসান আরও জানান, এ পর্যন্ত ৩ হাজার ৮৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন আশ্রয় নিয়েছেন।
গত দুদিনের নতুন করে আর কোনো ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি। আগের বরাদ্দ করা ত্রাণ সুষ্ঠুভাবে বণ্টন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কামরুল হাসান আরও জানান, ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৬৪৫টি মেডিকেল টিম চালু রয়েছে।
আরও পড়ুনঃ “আমরা সবাই জনগণের চাকর; আমরা কীভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি”





