ইটভাটার আগ্রাসন থেকে কৃষি জমি বাঁচাতে হবে: রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইটভাটার আগ্রাসন থেকে কৃষি জমি বাঁচাতে হবে। দুই-তিন মাসের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইন পাস করা হবে।
সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’ এ দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা বলেন, আমাদের ইটের বিকল্প নিয়ে ভাবতে হবে। ইটের বিকল্প নিয়ে কথা বলা হচ্ছে ২০১২ সাল থেকে। এতোদিন কোন কাজই হয়নি। এখন আমরা ইটের বিকল্প হিসেবে বেসরকারি কাজে ব্লকের ব্যাবহার কতটা করতে পারবো তা দেখছি। আর সরকারি পুরো কাজে ব্লক ব্যবহার করা হবে। ইটভাটার আগ্রাসন থেকে কৃষি জমি বাঁচাতে হবে। দুই-তিন মাসের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইন পাস করা হবে।
মধুপুরে আর বাণিজ্যিকভাবে আনারষ চাষ করতে দেয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, ‘জুন মাসের মধ্যে মধুপুরে শালবন পুনরুদ্ধারের পুরো পরিকল্পনা দেয়া হবে। আমরা তিন বছরের টার্গেট নিয়ে নামবো।’





