আস্ত গ্রাম বিক্রি করতে ক্রেতা খুজছেন তিনি
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সালতো দে কাস্ত্রো নামেরএকটি গ্রাম বিক্রির জন্য ক্রেতা খুজছেন এর মালিক। তিনি গ্রামটির দাম হেঁকেছেন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার; যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৬০ লাখ টাকার মতো।
প্রায় তিন দশক ধরে পর্তুগাল সীমান্তের কাছে গ্রামটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গ্রামটিতে যেতে স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে গাড়িতে তিন ঘণ্টার পথ পাড়ি দিতে হয়। জামোরা প্রদেশের সীমান্ত লাগোয়া গ্রামটিতে ৪৪টি বাড়ি, হোটেল, চার্চ, স্কুল, সুইমিংপুল ও নিরাপত্তাচৌকি রয়েছে। কিন্তু এখান থেকে বাসিন্দারা তিন দশক আগেই সরে গেছেন। এখানে শহরের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।
২০০০ সালের দিকে গ্রামটির বর্তমান মালিক এটি কেনেন। তিনি গ্রামটিকে পর্যটনকেন্দ্র তৈরির পরিকল্পনা করেছিলেন। তবে অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি।
গ্রামটির মালিকানা সংস্থা রয়্যাল ইনভেস্টের কর্মকর্তা রনি রদ্রিগেজ বলেছেন, মালিকের এখানে একটি হোটেল করার স্বপ্ন ছিল। কিন্তু এটি হয়নি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গ্রামটি বিক্রির কারণ হিসেবে এর মালিক বলেছেন, ‘আমি শহরে থাকি। গ্রামটি দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটা বিক্রি করতে হচ্ছে।’
এরই মধ্যে রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশ থেকে ৩০০ জনের বেশি মানুষ এ গ্রাম কিনতে আগ্রহ দেখিয়েছেন। একজন কিছু অর্থ অগ্রিমও দিয়ে বুকিং দিয়েছেন।
আরও পড়ুনঃ ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলার নিরাপত্তা সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের





