“আরও বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন”
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশকে নিয়ে প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ২০২৩-২৪ অর্থবছরের বেপজার বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এমন নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিদেশে বাংলাদেশের প্রচারণা চালান।’ এ লক্ষ্যে তিনি বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বিদেশে বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এ কাজে সম্পৃক্ত করুন, যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের ভাষাগত সমস্যা দূর করতে পারেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, জুলাই-আগস্টে বাংলাদেশের আন্দোলন এবং বিশ্বব্যাপী রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি প্রধান উপদেষ্টাকে জানান, ‘গত তিন সপ্তাহে আমরা চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে।’
বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেজা) রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা চালু আছে।





