নিত্যপণ্যের বাজারে উত্তাপ কমিয়ে যখন স্বস্তির আশা করছিল সাধারণ মানুষ, ঠিক তখনই মধ্যবিত্তের রান্নাঘরের বাজেটে নতুন আঘাত হানল ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আরও ৪ টাকা বাড়ানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিনিময় হারের প্রভাব বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে লিটারপ্রতি ১৯৫ টাকার পরিবর্তে ১৯৯ টাকা কার্যকর হবে। অর্থাৎ, বোতলজাত সয়াবিন তেল এখন ডাবল সেঞ্চুরি বা ২০০ টাকার ঠিক এক কদম দূরে দাঁড়িয়ে।
অন্যদিকে, নিম্নবিত্তের মানুষের নিত্যসঙ্গী খোলা সয়াবিন তেলের দামও পিছিয়ে নেই। প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হওয়ার কথা থাকলেও খুচরা বাজারে এর প্রভাব পড়তে আরও দু-একদিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভোজ্যতেলের এই মূল্যবৃদ্ধি কেবল রান্নার খরচই বাড়াবে না, বরং এর প্রভাব পড়বে হোটেল-রেস্তোরাঁ এবং বেকারি পণ্যের ওপরও। বিশ্লেষকদের মতে, লিটারে ৪ টাকা বৃদ্ধি আপাতদৃষ্টিতে সামান্য মনে হলেও, একটি পরিবারের মাসিক বাজেটে এর প্রভাব যথেষ্ট সুদূরপ্রসারী। বিশেষ করে যারা দৈনন্দিন আয়ের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই বাড়তি ব্যয় মেটানো এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে দাবি করেন, “সরকার চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম যতটা সম্ভব সহনীয় রাখতে। ব্যবসায়ীদের দাবির মুখে এবং আমদানিকারকদের ব্যয় বিশ্লেষণ করেই এই ৪ টাকা বাড়ানো হয়েছে।” তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার সুফল পেতে যত দেরি হয়, দাম বাড়ার খবরে বাজার অস্থির হতে সময় লাগে না এক ঘন্টাও।
নতুন দাম ঘোষণার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, “নতুন মূল্যের দোহাই দিয়ে কেউ যদি আগের স্টকের তেল বেশি দামে বিক্রি করে কিংবা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, তবে তাদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেবে।” সারা দেশে বিশেষ টাস্কফোর্স গঠনের মাধ্যমে বাজার মনিটরিং জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে।







