আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু; বাড়তে পারে হতাহতের সংখ্যা
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার সকালে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের পর চারটি বড় ধরনের আফটারশক হয়েছে, যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।
শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯ মাত্রার চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
ভূমিকম্পে অনেকগুলো ভবন ধসে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে।





