আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস-ব্যাংক-শেয়ারবাজার
কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস-ব্যাংক-শেয়ারবাজার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি অফিসের সূচি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে।
পূর্বে স্বাভাবিক সময় অনুযায়ী,
- অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
- ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর আরও দুই ঘণ্টা চলবে ব্যাংকগুলোর দাপ্তরিক কাজ।
- শেয়ারবাজারের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। মূল লেনদেন দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। পরের ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি সরকার। করা হয় সেনা মোতায়েনের। পরবর্তীতে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ২৮, ২৯ ও ৩০ জুলাই অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।





