‘আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা’
নির্বাচন কমিশন (ইসি) আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথনকশা (রোডম্যাপ) ঘোষণা করতে পারবে বলে আশা প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রতি জাতীয় নির্বাচনের আগে ইসি একটি রোডম্যাপ ঘোষণা করে, যেখানে নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন ধাপ এবং তাদের সময়সীমা উল্লেখ থাকে।
অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ইসিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করেছে।
এই লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে রমজান মাস শুরুর আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি আগামী সপ্তাহে আপনাদের নির্বাচনের পথনকশা দিতে পারব।’
রোডম্যাপে কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘রোডম্যাপ নিজেই তার বিষয়বস্তু প্রকাশ করবে। এতে অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনসহ সংশ্লিষ্ট সব তথ্য থাকবে।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাত ৮টা ২০ মিনিটে দেওয়া এই ভাষণে তিনি এই পরিকল্পনার কথা উল্লেখ করেন।





