“আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি সমর্থকরাও ভোটের মিছিলের পেছনে হাঁটছে”
দেশে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন দেখে এখন বিএনপির অনেক সমর্থকরাও আমাদের ভোটের মিছিলের পেছনে পেছনে হাঁটছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজার চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ তালুকদার।
ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালে ভোটের ক্যাম্পেইন করার সময় প্যান্টের অর্ধেক তুলে মোটরসাইকেলে চড়ে, খাল পেরিয়ে কাদা মাড়িয়ে অনেক কষ্টে যেতে হতো, আর এখন সেই অবস্থা নেই। এখন রাঙ্গুনিয়াসহ সারাদেশে যোগাযোগের অভাবনীয় উন্নয়ন হয়েছে। এ সব সম্ভব হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে।
তিনি বলেন, ‘২০০৮ সালে নির্বাচিত হবার পর প্রতিশ্রুতি দিয়েছিলাম রাঙ্গুনিয়ার উন্নয়ন হবে। আমি দক্ষিণ রাঙ্গুনিয়ার শেষ প্রান্তের ছেলে। অনেকে বলেছিল উন্নয়ন সব ওইদিকেই হবে। কিন্তু নির্বাচিত হয়ে প্রথমেই মরিয়মনগর থেকে রাণীরহাট পর্যন্ত ডিসি সড়কের উন্নয়ন কাজ করেছি। বগাবিলি ব্রীজ প্রথমেই হয়েছে। এখানে বড় বড় বিএনপি নেতারা ছিলো, এখনো আছে। তাদের বাড়ির সামনের রাস্তা প্রথমেই পাকা হয়েছে। এরপর দক্ষিণ রাঙ্গুনিয়ার উন্নয়ন করেছি। অথচ আমার বাড়ির সামনের রাস্তাটাও এখনো ২০ বছর আগের মতোই রয়ে গেছে।’





