২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের
সরকারের ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণ কাজ শেষ করার টার্গেট রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, কেউ ভাবেনি ঢাকায় আধুনিক মেট্রোরেল হবে। আমাদের সামনে আরও পাঁচটি মেট্রোরেলের পরিকল্পনা বাস্তবায়নাধীন। এরই মধ্যে দুটি পাতাল রেলের, একটিতে ১৩ কিলোমিটার, আরেকটিতে ২১ কিলোমিটার, কাজ শুরু হয়েছে। আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণ কাজ শেষ করবো।
আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আশা করছি, এ যাত্রায় আমরা শেষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আমাদের অনেকগুলো কাজ আছে, এর মধ্যে আমি এখনো বলি, সড়কে শৃঙ্খলা, যানবাহনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা এখনো অর্জন করতে পারিনি।
তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি, জীবনের কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য না। সব চ্যালেঞ্জই আমরা অতিক্রম করতে পারি। আমরা যখন পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করি, তার আগে কেউ ভাবেনি যে পদ্মাসেতু হবে এবং পদ্মাসেতু নির্মাণ কাজ যখন সমাপ্ত হয়, যেখানে বিশ্বব্যাংক ছিল না, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু আমরা করেছি।
আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা রাশিয়ার





