সুষ্ঠু নির্বাচনে সরকারের সহযোগিতা অপরিহার্য: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, “নির্বাচন পরিচালনায় সরকারের মুখ্য ভূমিকা প্রয়োজন, বিশেষ করে ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায়। আমরা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, তবে এটি প্রতিদিনের বিষয় নয়। নির্বাচনের শিডিউল ঘোষণার সময় হলে সবাই জানতে পারবেন।”
তিনি আরও বলেন, “আমরা কোনো কিছু গোপন করছি না। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হচ্ছে। ঘোষণা করে সভা করার প্রয়োজন নেই।”
নির্বাচনী কর্মপরিকল্পনা প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, “আমরা এটিকে রোডম্যাপ বলছি না, বরং কর্মপরিকল্পনা বলা যায়। এই পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।”





