সংবিধান সংশোধনের পরিকল্পনা নেই সরকারের
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু তিনি (আবদুল হামিদ) দুই মেয়াদে থেকেছেন, সংবিধান অনুসারে তিনি আর থাকতে পারবেন না। তাই নতুন একজন নির্বাচিত হবেন।
আজ বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষন ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নিশ্চয়ই না, কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করেন জামিন দেওয়া যাবে, দেবেন। আদালত যদি মনে করেন দেওয়া যাবে না, দেবেন না। এটা অহরহ হয়ে থাকে যে, নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত দিয়েছেন। আবার এমনও হয় নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত আটকিয়ে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে।
আরও পড়ুনঃ রমজান মাসে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর





