“শেখ হাসিনা অপশক্তিকে উপেক্ষা করে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা সব অপশক্তিকে উপেক্ষা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন এটাই হলো মুক্তিযুদ্ধের সার্থকতা। আমরা বীর মুক্তিযোদ্ধারা মনে করি মুক্তিযুদ্ধ সফল হয়েছে। এরমধ্যে অনেককিছু অর্জিত হয়েছে।
আজ শনিবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধারা মনে করি মুক্তিযুদ্ধ সফল হয়েছে। এরমধ্যে অনেককিছু অর্জিত হয়েছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের যে লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থির করেছেন আমরা সেটি অর্জন করতে সক্ষম হবো বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শোষকের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি জেল খেটেছেন, ছয় দফা আন্দোলন দিয়েছেন, ঊনসত্তরে গণঅভ্যুত্থান করেছেন, সত্তরের নির্বাচনে জয়লাভ করেছেন। ৭ মার্চে তিনি মহান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।
তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় এক কোটি মানুষ দেশ ছাড়া হয়েছে। মানুষকে নির্যাতন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা ও গণহত্যা করেও বাঙালি জাতিকে দাবায়ে রাখতে পারেনি পাকিস্তানি বাহিনী। দেশ স্বাধীনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার।
এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার নেতাকর্মীদের নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বিজয়ের মাসে মানুষ নির্বাচনের উৎসবে মেতেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানুষের বিপুল অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের আশা কোনোদিনই পূরণ হবে না।
আরও পড়ুনঃ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী





