শিক্ষা মানুষকে সমাজের উপযোগী করে গড়ে তুলবে: ডা. বিধান রঞ্জন
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা ব্যক্তির সম্ভাবনার বিকাশ ঘটায় এবং তাকে সমাজ ও রাষ্ট্রের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলে।
শনিবার ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত ‘স্কিল ফোকাস লিটারেচি ফর আউট অব স্কুল এডোলেসেন্টস’ (স্কিলফো) পাইলট প্রকল্পের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. বিধান রঞ্জন বলেন, “শিক্ষার দুটি প্রধান লক্ষ্য হলো ব্যক্তির মেধা ও সম্ভাবনার বিকাশ এবং সমাজ ও রাষ্ট্রের জন্য উপযোগী মানুষ তৈরি করা। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই দুটি দিকের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে।” তিনি ‘স্কিলফো’ প্রকল্পের সাফল্যের প্রশংসা করে বলেন, “এই প্রকল্পটি অত্যন্ত কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। এর সাফল্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না, বরং এর সুবিধা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম বক্তব্য রাখেন।
শিক্ষাবিদ সালমা রহমান বলেন, “স্কিলফো প্রকল্পটি বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা ও শিক্ষার সুযোগ তৈরি করছে, যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”





