রাজধানীতে বিমানবন্দর এলাকায় বাসচাপায় ২ নারী নিহত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ২ নারী পথচারী নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর জিনজিয়ান রেস্টুরেন্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিনারা বেগম (৫৫) ও মনি বেগম (৩৬)।
এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসার মো. মাহবুবুর রহমান জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কয়েকজন পথচারী রাস্তা পার হওয়ার সময় বিনিময় পরিবহনের একটি বাস ওই দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিনারা বেগম। আর গুরুতর আহত অবস্থায় মনি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনি বেগমের স্বামী বাদশা মিয়া জানান, তাদের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে দক্ষিণখান গাওয়াইল এলাকায় থাকেন। তার স্ত্রী মনি বেগম অন্যের বাড়িতে কাজ করেন। সকালে মেয়ে মিমকে (১৮) সঙ্গে নিয়ে উত্তরার একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।
সূত্রঃ বাসস





