“যুক্তরাষ্ট্রের যৌক্তিক পরামর্শ গ্রহণ করবে বাংলাদেশ”
যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু; বাংলাদেশ তাদের যৌক্তিক পরামর্শ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
আজ রোববার দুপুরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার সঙ্গে লু’র দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। আলোচনা খুব কনস্ট্রাকটিভ হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের পুরোনো বন্ধু। গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আর আমরা আগামীতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাই। এটা নিয়ে আমরা আলাপ করেছি।
তিনি বলেন, দুদেশের সম্পর্ককে কীভাবে অর্থবহ করতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভালো ও যৌক্তিক পরামর্শ পেলে আমরা অবশ্যই গ্রহণ করি। কোথাও দুর্বলতা চিহ্নিত হলে আমরা কাটিয়ে উঠার চেষ্টা করি।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দেন আবদুল মোমেন। তিনি বলেন, ভালো নির্বাচন আমরাও চাই। আওয়ামী লীগ সব সময় ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকারে এসেছে কখনও বুলেটের মাধ্যমে আসেনি। আমাদের বিশ্বাস আছে জনগণের প্রতি আর আমরা চাই বিশ্ব শান্তি। সব জায়গায় শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সে জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা হয়েছে। যেহেতু তারা বন্ধু, আমরা খোলামেলা আলোচনা করতে পারি।
আরও পড়ুনঃ ভরিতে ৯৩ হাজার টাকা ছাড়ালো সোনার দাম





