মেক্সিকোয় কারাগারে হামলায় নিহত ১৪
মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যে একটি কারাগারে সশস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।
রোববার মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের সীমান্তবর্তী শহর জুয়ারেজে সহিংস এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে চিহুয়াহুয়া রাজ্যের কৌঁসুলি এক বিবৃতিতে জানিয়েছেন, কারাগারে সশস্ত্র হামলায় নিহতদের মধ্যে ১০ জনই নিরাপত্তারক্ষী। বাকি চারজন বন্দি। এই হামলায় আরও ১৩ জন আহত হওয়ার পাশাপাশি অন্তত ২৪ জন বন্দি পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে সশস্ত্র আক্রমণকারীরা স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে পৌঁছায়। এ সময় তারা বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে এসে গুলি শুরু করে। এর আগে জুয়ারেজের পৌর কর্তৃপক্ষ জানায়, তাদের কার্যালয়েও হামলা হয়েছিল। পরে আক্রমণকারীদের ধাওয়া করে একটি ট্রাক জব্দ করা হয় এবং ৪ জনকে আটক করা হয়।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”





