“মুসলিম দেশের মেয়ে পাঁচ পাঁচবার ক্ষমতায়, সেটাও অনেকের পছন্দ নয়”
এবারের নির্বাচনে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি একটা মুসলিম দেশের মেয়ে পাঁচ পাঁচবার ক্ষমতায়, সেটাও অনেকের পছন্দ নয়।
প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল। তবে যত বেশি বাধা, তত বেশি জোশ আসে সবার মধ্যে, সেটাই এবারের নির্বাচনে প্রমাণ হলো। চক্রান্ত-ষড়যন্ত্র এখনো অব্যাহত, একদিকে খুনিদের চক্রান্ত তো আছেই। এছাড়া আমি একটা মুসলিম দেশের মেয়ে পাঁচ পাঁচবার ক্ষমতায়, সেটাও অনেকের পছন্দ নয়।
আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেকে চেয়েছিল, হুকুমের দাস কাউকে ক্ষমতায় বসাতে। বাংলাদেশের মানুষ তার জবাব দিয়েছে। খালেদা জিয়া বলেছিল, ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আর আমি প্রধানমন্ত্রী দূরে থাক, বিরোধীদলীয় নেতাও হতে পারব না। কিন্তু তার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায়, আর সেটা তার জন্যই প্রযোজ্য হয়ে যায়।
শেখ হাসিনা বলেন, বিএনপি যে নির্বাচন করবে, তার নেতা সামনে নেতৃত্বে নেই বলে নির্বাচন করতে চায়নি, বানচাল করতে চেয়েছিল। তাদের শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে আমরা বাধা দেইনি। কিন্তু ২৮ অক্টোবর তাদের আসল রূপ বের হলো।
বিএনপির কার্যালয়ে তালার বিষয়ে তিনি বলেন, ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’ গাইতে গাইতে কী রিজভী তালা ভাঙছিল! পুলিশ তালা লাগালে তো সিলগালা থাকতো। তালাও বিএনপি নিজেরা দেয়, চাবিও নিজেরা হারায়। আসলে এই নাটকগুলো করে করে মানুষকে কিছুদিনের জন্য ধোকা দেয়া যায়, সবসময়ের জন্য না। রিজভী কি তখন ‘হাম দো নো চাবি হো’ গাইতে গাইতে তালা ভাঙছিল!
জিনিসপত্রের দাম নিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন অব্যাহত রাখা ও জিনিসপত্রের দাম যেটা বেড়ে গেছে, সেটা কমানোই আমাদের কাজ। আসলে জিনিসের অভাব নেই, কিন্তু কেউ মনে হয় ইচ্ছা করে দাম বাড়াচ্ছে। সে দিকে আমাদের নজর দিতে হবে।
তিনি বলেন, আমাদের নতুন কেবিনেট নিয়ে বলে তাড়াতাড়ি নাকি হয়েছে! আরে! আমাদের তো সব তৈরি আছে। পিছপা হব কেন? সময় নষ্ট করব কেন? আমাদের সময়ের দাম আছে।
শিগগিরই সংসদ বসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, যত দ্রুত আমরা কাজ করি, ততই তাদের অন্তর্জালা বাড়ে।
আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা রাশিয়ার





