মানুষ সামনে এগিয়ে যায়, আর বিএনপি পেছনে যায়: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দিন যায় আর মানুষ সামনে এগিয়ে যায়, আর বিএনপি পেছনে যায়। খাদ্য উৎপাদন, শিক্ষার হার, চিকিৎসার হার, মানুষের ক্রয় ক্ষমতায় সবক্ষেত্রেই বিএনপি দেশকে পেছিয়ে দেয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ভোটের আগে শেষ নির্বাচনী জনসভা ছিল এটি।
শেখ হাসিনা বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ অনেক পাল্টে গেছে। ২০০৮ সালে নির্বাচনে মাত্র ৩০টি সিট পেয়েছিল বিএনপি। এরপর থেকেই তারা নির্বাচনে আসতে ভয় পায়। ২০১৩ থেকে ১৪ সালে তারা নির্বাচন বানচাল করতে অগ্নিসন্ত্রাস শুরু করে। জ্বালাও-পোড়াও-মানুষ খুন, এটাই বিএনপির একমাত্র গুণ। এটাই বিএনপি পারে, আর কিছু পারে না।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছিলাম, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি এসে উল্টো কমিয়ে দিয়েছিল। আমরা বেসরকারি খাতে বিদ্যুৎ দিয়েছিলাম যাতে মানুষ সেবা পায়। বিএনপি দুর্নীতি করে সব উজার করে বিদ্যুতের খাম্বা দাঁড় করিয়েছিল।
বিএনপির কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দিন যায় আর মানুষ সামনে এগিয়ে যায়, আর বিএনপি পেছনে যায়। খাদ্য উৎপাদন, শিক্ষার হার, চিকিৎসার হার, মানুষের ক্রয় ক্ষমতায় সবক্ষেত্রেই বিএনপি দেশকে পেছিয়ে দেয়। বর্তমানে মানুষের মাথাপিছু আয় সর্বোচ্চ। বিগত কোনো সরকার এতো বেশি মাথাপিছু আয় বাড়াতে পারেনি।
বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগ সভাপতি ২০০১ সালে নারায়ণগঞ্জে বোমা হামলার সমালোচনা করেন। এ ঘটনায় বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০১ সালের ১৫ জুলাই দেশের ইতিহাসে প্রথম শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করি। এরপরই এই নারায়ণগঞ্জ রক্তাক্ত হয়। ১৬ জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা চালানো হয়। সেখানে ২০ জন মারা যায়। এখনও অনেক নেতাকর্মী পঙ্গু হয়ে মানবেতর জীবন পার করছে। এই হামলা করেছিল বিএনপি।
আরও পড়ুনঃ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি





