ভারতে শেখ হাসিনার আশ্রয় নিয়ে কথা বলতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল পাস নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ভারতে শেখ হাসিনার আশ্রয় নিয়েও কথা বলতে চাই না।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার জন্য যে নির্দেশ দিয়েছেন, তা নিয়ে বিস্মিত হয়েছি। ইসরাইল, হামাস ও ইউক্রেনের পরিস্থিতির জন্য ভারত যুদ্ধের কথা বলবে না। আমরা এটা দেখব। কেন বলছে, সেটা দেখব; কোনো প্রতিক্রিয়া দেব না। ভারতের বক্তব্যে যতটা না উদ্বিগ্ন, তার থেকে বেশি অবাক হয়েছি; তবে এতে যুদ্ধ হবে না।’
জাতিসংঘ অধিবেশনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতিসংঘে মোদির সাথে সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোনো সিডিউল নেই। তারা যদি না চায়, জোর করেতো আর বৈঠক হবে না।’
আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ১২ সেপ্টেম্বর





