বিয়ে করছেন ‘টেন মিনিটস স্কুলে’র আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ
অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘টেন মিনিটস স্কুলে’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এর সত্যতা নিশ্চিত করেছে টেন মিনিটস স্কুলের কতৃপক্ষ।
সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কার্ড ছড়িয়ে পরলে গুঞ্জন তৈরি হয়। কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।
অবশ্য ব্যাপক জনপ্রিয় দুই তারকা শিক্ষকের মধ্যে সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল।
তবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে একাধিকবার ফোন দিলেও তারা ধরেননি। পরে টেন মিনিটস স্কুলের হটলাইন নম্বরে ফোন করে ছড়িয়ে পড়া বিয়ের কার্ড সম্পর্কে জানতে চাওয়া হলে এর সত্যতা নিশ্চিত করেন তারা।
উল্লেখ্য, আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে।
অপরদিকে চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।
আরও পড়ুনঃ “দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”





