বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই দুই শিক্ষক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জীবন হারিয়েছেন। সম্মাননার বিস্তারিত শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
বৈঠকের শুরুতে এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এছাড়া, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।





