বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায়: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছি। কারণ আমাদের কার্বন নিঃসরনের হার কম। কিন্তু যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করে তারা বিভিন্ন সময় ক্ষতিপূরণে প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়ন করেনি।
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব বিষয়ক এক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে। আমার সুরক্ষার দায়িত্ব আমাকেই নিতে হবে। আর এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন সক্ষমতা বাড়ানো। আগের তুলনায় আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। মানুষের অভিযোজন ক্ষমতা বেড়েছে, সেটিকে আরও বাড়াতে হবে।
মন্ত্রী বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষ ও ফসল রক্ষার জন্য নানাবিধ পদক্ষেপ নিচ্ছে, সামনের দিনেও নেবে। আমরা প্রতি বছর কোটি টাকা ব্যয় করছি বাঁধ নির্মাণে, নদী শাসনে। সবার আগে আমাদের খাদ্য ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ প্রয়োজনের চেয়ে এখন আমাদের বেশি রিজার্ভ আছে: ওবায়দুল কাদের





