বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্য থেকে টাইলস
বিশ্বজুড়ে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে বাংলাদেশে প্রথমবারের মতো সাশ্রয়ী ফুটপাত টাইলস তৈরি করেছেন ঢাকার কামরাঙ্গিরচর এলাকার নাজির হোসেন নামের একজন ক্ষুদ্র উদ্যোক্তা।
‘প্লাস্টিক দূষণের সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে আজকের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ‘পরিবেশ মেলা ২০২৩’ এ প্রদর্শনের মাধ্যমে এই প্লাস্টিক টাইলস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এ বিষয়ে নাজির হোসেন বলেন, আমি ইতোমধ্যে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে এক হাজার টুকরা টাইলস তৈরি করেছি।…আমি খুবই আশাবাদী যে এই টাইলস বাণিজ্যিকভাবে কার্যকর হবে, কারণ এটি সিরামিক টাইলসের তুলনায় সাশ্রয়ী ও টেকসই।
এসময় তিনি তার উদ্ভাবনকে বাস্তবে পরিণত করার কাজে সহায়তা করায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (আরআইসি) নামের একটি বেসরকারি সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় আরআইসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে কামরাঙ্গিচর, লালবাগ, ইসলামবাগ ও শ্যামপুর এলাকায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) নামে একটি পাইলট বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করছে।
এ বিষয়ে সংস্থাটির প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের প্রকল্পের উদ্দেশ্য হল উন্নত, টেকসই ও আকর্ষণীয় প্লাস্টিক সামগ্রী উৎপাদনের জন্যে উৎপাদন ইউনিট গড়ে তোলার পাশাপাশি পরিবেশ বান্ধব পরিস্থিতি নিশ্চিত করতে কমিউনিটি উন্নয়নে অংশগ্রহণ করা। পরিবেশ বান্ধব প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগতভাবে নিশ্চিত করতে কমিউনিটিকে সাহায্য করার পাশাপাশি তারা প্লাস্টিক বর্জ্য থেকে টাইলস, ইট এমনকি জ্বালানি তৈরির জন্যে নানা উদ্ভাবন নিয়েও কাজ করছেন।
নাজির যিনি দীর্ঘদিন ধরে প্লাস্টিকের জিনিসের ছাঁচ এবং প্যাটার্ন তৈরি করে আসছেন, তিনি বলেন, প্লাস্টিকের টাইলস সিরামিক টাইলসের তুলনায় সাশ্রয়ী এবং হালকা।
তিনি তার গল্প শেয়ার করে বলেন, একদিন দেখলাম সিটি কর্পোরেশন আমার ওয়ার্কশপের সামনে মাটির টাইলস দিয়ে ফুটপাত তৈরি করছে…সেদিন আমি ভাবলাম কেন আমি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে টাইলস বানানোর চেষ্টা করবো না।
নাজির জানান, তিনি স্থানীয় এনজিও’র সাথে তার ধারনা শেয়ার করেন এবং টাইলসের জন্যে ছাঁচ তৈরি করতে স্বল্প সুদে ঋণ নেন। আমি প্লাস্টিক বর্জ্য থেকে কাঁচামাল সংগ্রহ এবং আমার ভাগ্য পরীক্ষার চেষ্টা শুরু করি। তিনি ২৮০ থেকে ৩০০ গ্রাম ওজনের ১১/৭.৫ ইঞ্চি প্লাস্টিকের টাইলসের দাম ৪২ টাকা নির্ধারণ করেছেন যা ঐতিহ্যবাহী সিরামিক টাইলসের চেয়ে সস্তা। আমি দাম কম রেখেছি যাতে প্রত্যেকে এমনকি গ্রামের লোকজনও এটি ব্যবহার করতে পারে।
টাইলস তৈরির পর নাজির আরআইসি’র সহায়তায় গুণগত মান পরীক্ষার জন্যে এসব টাইলস বুয়েটে পাঠান। সেখান থেকে তিনি ইতিবাচক সার্টিফিকেট পান যে তার টাইলসগুলো বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করা যেতে পারে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ পুঁজিবাজারের মাধ্যমে আমাদের অভিযাত্রা শুরু হবে: পরিকল্পনামন্ত্রী






পরিবেশ রক্ষায় সকলের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী - tathyasangjog
June 5, 2023[…] […]