“বাংলাদেশে আদানির বিদ্যুৎ আসছে মার্চের প্রথম সপ্তাহে”
ভারতের আদানি’র সাথে করা চুক্তির আওতায় মার্চ মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে আদানির বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
নসরুল হামিদ বলেন, আদানির বিদ্যুৎ আমদানির ব্যাপারে অনিশ্চয়তার কিছু নেই। প্রতিযোগিতামূলক বাজারমূল্যেই বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ পাবে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তিনি বলেন, ‘মার্চ মাসে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এপ্রিল মাসে আদানির দ্বিতীয় বিদ্যুৎ ইউনিট থেকে আরো ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। তাই আসন্ন সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে উদ্বেগের কিছু নেই। এছাড়াও খুব শিগগিরই কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে।’ প্রতিমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যেই উৎপাদনে এসেছে। পাশাপাশি, এসএস পাওয়ার ও বরিশাল পাওয়ার প্লান্ট শিগগিরই উৎপাদনে আসবে। তিনি বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রচেষ্টা চালানো হচ্ছে। সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
নসরুল হামিদ স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির কথাও জানান। তিনি বলেন, গ্যাস সরবরাহ বাড়াতেই এলএনজি আমদানি করা হচ্ছে। মার্চ মাসে, জাতীয় গ্রিডে পশ্চিমবঙ্গের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ করা হবে।
আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন





