বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা আশা করবো, দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ভারতের এ নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায়, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে।
তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের ভেতর কোনো টানাপোড়েন যেন না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যেন দু’দেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।
ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ- দেশের এই আটটি জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
আরও পড়ুনঃ সোনার দাম ফের বাড়লো





